আরবিচর্চার সূচনাকথা— ২
স্যার বলতেন, যদি ভাষা শিখতে চাও তাহলে তোমার ভেতরের অনুবাদককে হত্যা করো। এই কথা অনেকেই বুঝতে পারবে না। ব্যাখ্যা করা দরকার বটে। তবে শুনুন,
যখন আমরা কোনো বিদেশি ভাষা শেখার মনস্থ করি তখন স্বয়ংক্রিয়ভাবে আমাদের মাঝে একটি ফিল্টার তৈরি হয়। এই ফিল্টারটাই আমাদের দুর্ধর্ষ এক শত্রু। আমরা যতোদিন এই ফিল্টারকে ব্যবহার করি ততোদিন আমাদের ভাষা শেখা হয় না; ভাষার পেছনে শ্রম ও মেধার যে খরচ হয় তা মূলত জলেই যায়।
সেই ফিল্টারটি হচ্ছে ট্রান্সলেটর ফিল্টার বা অনুবাদক হাঁড়ি। এই হাঁড়ি ভাঙতে পারলেই ভাষা শেখাটা সহজ হয় অনেকটা।
আমাদের সামনে যখন এমন পরিস্থিতি তৈরী হয়, একটা কথা বা বাক্য কাঙ্ক্ষিত বিদেশি ভাষায় প্রকাশ করার প্রয়োজন পড়ে তখন আমরা সেই কথা বা বাক্যকে সেই অনুবাদক ফিল্টারে রাখি, সময় নিয়ে অনুবাদ করি; তারপর শ্রোতার সামনে কিংবা খাতায় উপস্থাপন করি। এটা পরিত্যাজ্য।
উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি।
রাস্তা দিয়ে হাঁটছি। দেখা হলো পুরোনো এক বন্ধুর সাথে। "কেমন আছো? বাড়ির সবাই কেমন আছেন?" ইত্যাদি প্রশ্নের প্রয়োজন পড়ে। এগুলো যদি ভিন্ন ভাষায় জিজ্ঞাসা করতে হয় তাহলে আমরা সাধারণত এরকম করি,
'কেমন' 'আছো' এগুলোর আরবি খোঁজি। 'বাড়ি' 'সবাই' 'আছে' এই শব্দগুলোর আরবি প্রতিশব্দ খোঁজি। খোঁজতে খোঁজতে একসময় পেয়ে যাই। বাড়ি—دار সবাই— كل কেমন—كيف তারপর জোড়াতালি দিয়ে বাক্যটি তৈরি করে পেশ করি। কোনোসময় সফল হই আবার কোনোসময় ব্যার্থও হই।
তাহলে সবসময় সফল হওয়ার মূলমন্ত্রটা কী? না, ভীষণ দুঃখিত। সবমসময় সফলতা বা সার্থকতার কোনো আলাদা মূলমন্ত্র নেই। সফলতা ও ব্যর্থতা মিলেই জীবনকে যাপন করতে হয়। তবে চেষ্টা করতে করতে একটা সময় আসবে যখন আপনার আশপাশে বেশিভাগ সফলতাই ঘোরঘোর করবে। ব্যর্থতা আপনাকে ভয় পাবে। চেষ্টাহীন সাফল্যের স্বপ্ন দিবাস্বপ্ন।
চলুন, আজ একটু চেষ্টা করি।
একজনের ওপর আপনার ভীষণ রাগ হয়েছে। তাকে সহ্য করতে পারছেন না। বাংলাতে তাকে আপনি বলবেন, "আমার সামনে থেকে যা, তোর মুখ দেখতে চাই না।"
এই অবস্থাকে বাংলায় চিন্তা না করে আরবিতে চিন্তা করুন। বাংলাকে আরবিতে অনুবাদ না করে সরাসরি আরবিতে ব্যাক্ত করুন। বাংলাকে আরবিতে অনুবাদ করলে ফলাফল কী হবে? হয়তো এরকম বলবেন, اذهب من أمامي، أنا لا أريد أن أراك অথচ আরবিতে চিন্তা করলে, মানে আরবিদের মতো করে ভাবলে বাক্যটা এতো লম্বা হতো না; বরং আরো সংক্ষিপ্ত ও সহজ হতো। আপনি বলতেন, أرحنا من مشهدك
আরেকটা উদাহরণ দিই। ওপরে বলা হয়েছিল পরিবার ও পরিবারের হালপুরসি নিয়ে।
যদি আমরা বাংলাকে আরবিতে অনুবাদ করি তাহলে "পরিবারের সবাই কেমন আছেন?" এই বাক্যের আরবি হবে— كيف حال أسرتك/أهلك؟ কিন্তু ফিল্টারে না ফেলে আরবিতে তথা আরবিদের মতো করে চিন্তা করলে এর আরবি হবে— كيف خلفت أهلك وراءك؟/ كيف خلفت أهلك؟
আজ এ পর্যন্ত থাক। আরেকদিন কথা হবে অন্য বিষয়ে।

No comments:
Post a Comment